বিনোদন ডেক্স : বিয়ের পর থেকেই ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবন নিয়ে নানা সময়ে গুঞ্জন উঠেছে। সময়ের সঙ্গে সেই গুঞ্জনও যেন আরও জোরালো হয়েছে।বিচ্ছেদের আলোচনা নিয়ে মিথিলা বরাবরই নীরব। তবে এবার সৃজিতের একটি সাক্ষাৎকার নতুন করে উসকে দিয়েছে সেই পুরোনো জল্পনা। সাক্ষাৎকারে নিজের একাকীত্ব ও সঙ্গীর অভাবের কথা খোলামেলা বলায় নেটদুনিয়ায় প্রশ্ন উঠেছে—তাহলে কি সত্যিই ভাঙনের পথে সৃজিত-মিথিলার সংসার?
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও নিঃসঙ্গতা নিয়ে কথা বলেন সৃজিত। উপস্থাপিকার ‘তুমি কি একাকীত্ব বোধ করো?’—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কখনও কখনও করি... হ্যাঁ, কখনও কখনও।’
তবে একাকীত্ব কাটাতে নিজের মতো করে সময়ও বের করে নেন এই নির্মাতা। খেলাধুলা, গান, বন্ধুদের সঙ্গে আড্ডা এবং কাজের মধ্যেই নিজেকে ব্যস্ত রাখেন তিনি। সৃজিতের ভাষ্য অনুযায়ী, এসবই তার মন ভালো রাখার অন্যতম উপায়
বিবাহিত জীবনের প্রসঙ্গের মধ্যে সৃজিতের এমন মন্তব্যই নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর সঙ্গে প্রাক্তনদের সঙ্গে তার বর্তমান ঘনিষ্ঠতা এবং অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়েও নানা আলোচনা চলছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাম্পত্য সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন তুলছেন।
তবে এসব জল্পনার বাইরে সৃজিত-মিথিলার চূড়ান্ত বিচ্ছেদ হয়েছে কি না, সে বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে নিশ্চিত কোনো তথ্য দেননি। তাই আপাতত বিষয়টি গুঞ্জনেই সীমাবদ্ধ।
উল্লেখ্য, ২০০৬ সালের ৩ আগস্ট সংগীতশিল্পী তাহসান খানকে বিয়ে করেছিলেন মিথিলা। দীর্ঘ ১১ বছর সংসারের পর ২০১৭ সালের জুলাইয়ে তাদের বিচ্ছেদ হয়। এরপর ২০১৯ সালের ৬ ডিসেম্বর চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।