logo

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ১০:১০ পূর্বাহ্ন

৬ ম্যাচে ৫ জয়, সবার আগে সেমিফাইনালে বাংলাদেশ এইচপি

প্রতিবেদন প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | সময়ঃ ০৬:০৪
  • সংবাদ পাঠকঃ ১০৬৪ জন
photo


 

 

স্পোর্টস ডেস্ক :   টানা তিন জয়ের পর একটি হার, আবারও টানা দুটি জয়। ছয় ম্যাচে ৫টি জয়ে ১০ পয়েন্ট নিয়ে টপ এন্ড টি-টোয়েন্টিতে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ হাই পারফরমেন্স (এইচপি) একাদশ।টুর্নামেন্টে নিজেদের ষষ্ঠ ম্যাচে স্পিনার মোহাম্মদ রুবেলের পর ব্যাটার সাব্বির রহমানের নৈপুণ্যে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নর্দান টেরিটোরি স্ট্রাইককে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি। এটা ছিল তাদের পঞ্চম জয়। ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শেষ চার নিশ্চিত করেছে বাংলাদেশ। 

ডারউইনের মারারা ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ স্পিনার রুবেলের ঘূর্ণিতে পড়ে ৩৫ রানে ৪ উইকেট হারায় নর্দান টেরিটোরি। এরমধ্যে ৩ উইকেট নেন রুবেল। 

পরের দিকের ব্যাটারদের ছোট ছোট ইনিংসের সুবাদে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ পায় তারা। দলের হয়ে জর্ডান সিল্ক ৩১ ও স্যাট হ্যামমন্ড ২৬ রান করেন। 

বাংলাদেশের রুবেল ২১ রানে ৫ উইকেট নেন। চলতি আসরে এখন পর্যন্ত ৬ ম্যাচে ২০ উইকেট নিয়ে সবার উপরে আছে তিনি। এছাড়া এ ম্যাচে বাংলাদেশের মৃত্যুঞ্জয় চৌধুরি-রাকিবুল হাসান-সামিউন বশির ও এসএম মেহেরব ১টি করে উইকেট নেন। 

জবাবে ১৪৪ রানের লক্ষ্যে ৪১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। হাবিবুর রহমান সোহান ২২ ও আরিফুল ইসলাম ১০ রান করেন। 

এরপর সতীর্থদের নিয়ে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন সাব্বির রহমান। তৃতীয় উইকেটে শামীম হোসেনকে নিয়ে ৩৪ এবং চতুর্থ উইকেটে অধিনায়ক ইরফান শুক্কুরের সাথে ৩৫ রান যোগ করেন সাব্বির। 

২ চার ও ১ ছক্কায় ৩৭ বলে দলের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন সাব্বির। 

শামীম ১১, শুক্কুর ১৭, এস এম মেহেরব ৮ ও বশির ১৪ রানে আউট হলেও ১০ বল বাকী থাকতে জয় তুলে নেয় বাংলাদেশ। আব্দুল গাফফার সাকলাইন ৬ ও রাকিবুল হাসান শূন্য রানে অপরাজিত থাকেন। 

শেয়ার করুন