জনতার পত্রিকা :
“গণমাধ্যমের অপসাংবাদিকতা ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন” বিষয়ক এক দিনব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়া সার্কিট হাউসে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ টায় শুরু হওয়া এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ কে এম আব্দুল হাকিম। তিনি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা জাতির বিবেক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করা সম্ভব। এই প্রশিক্ষণ ভবিষ্যৎ পেশাগত জীবনে সাংবাদিকদের আরও দক্ষ করে তুলবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) আব্দুস সবুর, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহাঙ্গীর আলম।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার সভাপতি শামসুল আলম স্বপন , সাধারন সম্পাদক সেলিম মাহমুদ, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সাধারণ সম্পাদক শামিমুল হাসান অপু জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারিকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


