অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে বিএনপি। আজ শুক্রবার বিলে বেলা সাড়ে ৩টায় রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার ঘোষণা শুরু হয়েছে।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ইশতেহার ঘোষণা করছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তারেক রহমানের এটিই প্রথম নির্বাচনি ইশতেহার ঘোষণা। পাঁচটি অধ্যায়ে বিভক্ত এই ইশতেহারে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও অঞ্চলভিত্তিক উন্নয়ন—সব মিলিয়ে একটি সমন্বিত রূপরেখা তুলে ধরা হয়।
এর আগে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেন তৎকালীন চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া। সেই সময়ে তিনিই প্রতিটি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ২০১৮ সালের একাদশ নির্বাচনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট অংশ নিলেও সেই সময়ে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি ছিলেন। ওই বছরের ১৮ ডিসেম্বর ইশতেহার ঘোষণা করেছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে শেখ হাসিনার অধীনে দশম ও দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেছিল বিএনপি।
‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ‘করবো কাজ, গড়বো দেশ’ রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার দেয বিএনপি । এতে পাঁচটি অধ্যায়ের প্রথমে অধ্যায় ‘রাষ্ট্র ব্যবস্থার সংস্কার‘, দ্বিতীয়তে ‘বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়তে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থতে স্থান পেয়েছে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং শেষ অধ্যায়ে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতির কথা তুলে ধরে বিএনপি।
বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, প্রয়াত দলের চেয়ারম্যান খালেদা জিয়ার ভিশন-২০৩০, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদের সমন্বয়ে নির্বাচনি ইশতেহার তৈরি করে।