logo

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ০৬:৪৮ অপরাহ্ণ

সিনেমা থেকে বাদ পড়ায় তাপসী 'অদ্ভুত কারণ' জানালেন

প্রতিবেদন প্রকাশ: ২৭ সেপ্টেম্বার ২০২৬ | সময়ঃ ০৯:৫৯
  • সংবাদ পাঠকঃ ১৯১৯ জন
photo

 বিনোদন ডেস্ক : বলিউডের একটি ছবিতে অভিনয়ের জন্য কথাবার্তা চূড়ান্ত হয়েছিল তাপসী পন্নুর সঙ্গে। এমনকি শুটিংয়ের জন্য নিজের তারিখও দিয়ে দিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সবকিছু ঠিকঠাক থাকার পর হঠাৎই বদলে যায় নির্মাতাদের সিদ্ধান্ত। ছবি থেকে বাদ দেওয়া হয় তাপসীকে। কেন তাকে সরিয়ে দেওয়া হলো, শুরুতে তার কোনো পরিষ্কার ব্যাখ্যাও পাননি অভিনেত্রী। পরে যে কারণটি তার কানে আসে, সেটি শুনে নিজেই অবাক হয়ে যান তিনি।

 

সম্প্রতি বলিউডে কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তাপসী জানান, একটি ছবিতে তাকে না নেওয়ার পেছনে নাকি কারণ ছিল- ছবির নায়কের স্ত্রী তাকে পছন্দ করতেন না।

তাপসীর ভাষ্য অনুযায়ী, ছবির নায়কই তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অথচ তার আগে ছবিটিতে অভিনয়ের বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছিল এবং শুটিংয়ের তারিখও চূড়ান্ত করেছিলেন তিনি। পরে হঠাৎ জানতে পারেন, তাকে আর ছবির অংশ হিসেবে রাখা হচ্ছে না। বিষয়টি নিয়ে কারণ জানতে চাইলেও প্রথমে স্পষ্ট কোনো উত্তর পাননি তাপসী। শুধু বলা হয়েছিল, ছবির নায়ক তাকে চান না। তবে কেন চান না, সেটিও তাকে জানানো হয়নি।

 

এরপর নিজের মতো করে নানা সম্ভাবনার কথা ভেবেছিলেন অভিনেত্রী। তার মনে হয়েছিল, হয়তো নায়কের কোনো ধরনের অস্বস্তি বা নিরাপত্তাহীনতা ছিল। আবার এমনও হতে পারে, তিনি তার পরিচিত কোনো অভিনেত্রীকে ছবিতে নিতে চেয়েছিলেন। তবে প্রকৃত কারণটি তখনও তার কাছে পরিষ্কার ছিল না।

তাপসী বলেন, একপর্যায়ে তাকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে সরাসরি জানানো হয়, ‘নায়কের স্ত্রী আপনাকে পছন্দ করেন না।’ এমন অভিজ্ঞতা যে একজন অভিনেত্রীর জন্য অস্বস্তিকর, তা বলার অপেক্ষা রাখে না। তবে এসব অভিজ্ঞতা তাপসীর কাজের প্রতি দৃষ্টিভঙ্গিতেও প্রভাব ফেলেছে। একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করতে আগ্রহী নন তিনি। গল্প বা চরিত্রে নতুনত্ব না থাকলে প্রস্তাব ফিরিয়ে দিতেও দ্বিধা করেন না।

তাপসীর মতে, বলিউডে অনেক অভিনেত্রীকে নির্দিষ্ট কিছু চরিত্রের মধ্যেই বারবার দেখা হয়। কেউ মূলত গ্ল্যামারাস চরিত্রের জন্য পরিচিত হয়ে ওঠেন, আবার কাউকে সামাজিক বা নারীকেন্দ্রিক গল্পের জন্য বারবার বেছে নেওয়া হয়। এই ধরনের নির্দিষ্ট ছকের মধ্যে নিজেকে আটকে রাখতে চান না তিনি। এ কারণেই এমন কিছু ছবির প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তাপসী, যেখানে তার উপস্থিতি দেখেই দর্শক গল্পের পরিণতি সহজেই অনুমান করে ফেলতে পারেন বলে তার মনে হয়েছে।

‘থাপ্পড়’ ও ‘হাসীন দীলরুবা’র মতো ছবিতে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের জায়গা তৈরি করেছেন তাপসী। তার ক্যারিয়ারে সাফল্যের পাশাপাশি এমন কিছু তিক্ত অভিজ্ঞতাও রয়েছে, যা পর্দার আড়ালের বলিউডের অন্য এক বাস্তবতার কথাই সামনে আনে।

শেয়ার করুন