চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর মামুন হোসেন (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার উথলী ডিগ্রি কলেজ সংলগ্ন পুকুরপাড়ের একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মামুন হোসেন (২৫) উপজেলার উথলী একতারপুর গ্রামের আনসার আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মামুন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে আজ দুপুরে পার্শ্ববর্তী মরিচ খেতে কাজ করতে গিয়ে এক কৃষক তীব্র দুর্গন্ধ পান। পরে তিনি ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে পুকুরপাড়ের একটি আমগাছে মামুনের মরদেহ ঝুলতে দেখে তার পরিবারকে খবর দেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্ত পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’