আমির হামজার বক্তব্যে নারী জনপ্রতিনিধিদের অবমাননার অভিযোগ ফরিদার
প্রতিবেদন প্রকাশ:
১৬ সেপ্টেম্বার ২০২৬ | সময়ঃ ১১:২১
সংবাদ পাঠকঃ ১৬১৫ জন
জনতার পত্রিকা :
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার দেওয়া ‘আপত্তিকর ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। দলের শীর্ষ নেতৃত্বের অনুমতি পেলে আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সম্প্রতি কুষ্টিয়ার দৌলতপুরে এক সভায় আমির হামজা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচিত না হওয়ার বিষয়টি তুলে ধরে তাদের সাংবিধানিক গুরুত্ব নিয়ে মন্তব্য করেন। একই সঙ্গে নিজের প্রাপ্ত ভোটের সংখ্যার সঙ্গে তুলনা টেনে ফরিদা ইয়াসমিনকে তাচ্ছিল্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের বাসভবনে সাংবাদিকদের ফরিদা ইয়াসমিন বলেন, আমির হামজার মন্তব্য শুধু তাঁর ব্যক্তিগত মর্যাদাকেই ক্ষুণ্ণ করেনি, বরং সমগ্র নারী সমাজ ও নারী জনপ্রতিনিধিদের অবমাননা করেছে। তাঁর বক্তব্যের প্রতিবাদে ইতোমধ্যে কুষ্টিয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের নেতা-কর্মীরা ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
ফরিদা ইয়াসমিন জানান, বিষয়টি নিয়ে দলগত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি। দলের শীর্ষ নেতৃত্বের সবুজ সংকেত পেলেই আমির হামজার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।