logo

বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ ১২:০৯ অপরাহ্ণ

প্রেমের টানে বরিশালে চীনা তরুণ, মুসলিম হয়ে করলেন বিয়ে

প্রতিবেদন প্রকাশ: ১৩ সেপ্টেম্বার ২০২৬ | সময়ঃ ০৮:১৮
  • সংবাদ পাঠকঃ ১৫২০ জন
photo

অনলাইন ডেস্ক :প্রেমের টানে বরিশালের বাকেরগঞ্জে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে তরুণীকে বিয়ে করেছেন চীনের এক যুবক।

 

গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর পারিবারিকভাবে তাদের বৌভাতের আয়োজন করা হয়।

ওই চীনা যুবকের নাম জিয়াং (৩৫)। তিনি চীনের জিয়াংসি প্রদেশের ইছুন শহরের বাসিন্দা। তার সঙ্গে জান্নাতুল ইসলাম ইভা নামের তরুণীর প্রায় দেড় বছর মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগ ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বাংলাদেশে চলে আসেন তিনি।

 

ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে আইন অনুযায়ী নোটারি পাবলিকের মাধ্যমে অ্যাফিডেভিট করেন জিয়াং। এরপর রেজিস্ট্রি কাবিনমূলে ইভাকে বিয়ে করেন তিনি।

জান্নাতুল ইসলাম ইভা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের জাকির হাওলাদারের মেয়ে।

ইভা জানান, ২০২৪ সালে মোবাইল ফোন কেনার জন্য ঢাকায় যান তিনি। সেখানে তিনজন চীনা নাগরিকের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে মার্কেটে তাদের সঙ্গে কফি খাওয়ার সময় মোবাইল ফোনের মাধ্যমে তারা তাকে চীনা যুবক জিয়াংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এরপর ইউচ্যাটের মাধ্যমে জিয়াংয়ের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ শুরু হয়। একসময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৩ আগস্ট বাংলাদেশে আসেন জিয়াং। ওই দিনই ইভার সঙ্গে তার প্রথম সরাসরি দেখা হয়। পরের দিন ৪ আগস্ট আইন অনুযায়ী নোটারি পাবলিকের মাধ্যমে ধর্ম পরিবর্তনের অ্যাফিডেভিট করেন জিয়াং। পরে রেজিস্ট্রি কাবিনমূলে ইভার সঙ্গে তার বিয়ে হয়।

ইভা আরও জানান, বিয়ের পর কিছু দিন জিয়াংকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে বাবার গ্রামের বাড়ি বাকেরগঞ্জে এসেছেন তিনি। গত বৃহস্পতিবার তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে জুমার নামাজের পর পারিবারিকভাবে বৌভাতের আয়োজন করা হয়।

ইভার বাবা জাকির হাওলাদার বলেন, ‘জামাই হিসেবে তাকে আমরা মেনে নিয়েছি। এক মাসেরও বেশি সময় হয়েছে জিয়াং বাংলাদেশে এসেছে। আমার মেয়ের পাসপোর্ট তৈরির কাজও সম্পন্ন হয়েছে। কিছু দিন পরেই সে আমার মেয়ে ইভাকে নিয়ে চীনে ফিরে যাবে।’

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ‘চীনা নাগরিক জিয়াং সম্পর্কে আমরা অবগত নই। তিনি বৈধ পাসপোর্টে বাংলাদেশে এসেছেন কি না এবং এ অঞ্চলের এক নারীকে বিয়ে করেছেন কি না, বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

শেয়ার করুন