বিনোদন ডেক্স :
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে তৃতীয়বারের মতো নিজের সিনেমা নিয়ে হাজির হতে যাচ্ছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার তার অভিনীত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ জায়গা করে নিয়েছে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে।এ নিয়ে ক্যারিয়ারে তৃতীয় বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাঁধনের অভিনীত সিনেমা প্রদর্শিত হতে যাচ্ছে। এর আগে কান ও রটারডাম চলচ্চিত্র উৎসবে নিজের সিনেমা নিয়ে উপস্থিত হয়েছেন এই অভিনেত্রী।
বাঁধন বলেন, আন্তর্জাতিক অঙ্গনে নিজের সিনেমার এমন স্বীকৃতি নিঃসন্দেহে আনন্দের ও গর্বের। একটি সিনেমা বড় কোনো উৎসবে জায়গা করে নিলে সেটি শুধু অভিনয়শিল্পীর নয়, পুরো সিনেমা সংশ্লিষ্টদের পাশাপাশি দেশের জন্যও বড় অর্জন।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভেনিসের উদ্দেশে রওনা হয়েছেন বাঁধন। নিজের সিনেমা একের পর এক আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, বড় কোনো উৎসবে নিজের কাজ স্থান পেলে স্বাভাবিকভাবেই ভালো লাগে। তার অভিনীত সিনেমাগুলো বড় তিনটি উৎসবে জায়গা করে নেওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
তবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় বাঁধনের চরিত্রটি তুলনামূলকভাবে ছোট। শুরুতে এ কারণে সিনেমাটিতে অভিনয় করবেন কি না, তা নিয়ে দ্বিধায় ছিলেন তিনি। পরে কাজটি করার সিদ্ধান্ত নেন। এখন সিনেমাটির অংশ হতে পেরে সন্তুষ্ট এই অভিনেত্রী।
এর আগে বাঁধন অভিনীত ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়ায়। এরপর তার অভিনীত ‘মাস্টার’ সিনেমা রটারডাম চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং পুরস্কারও অর্জন করে।
এবার ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়াকে নিজের ক্যারিয়ারের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন বাঁধন।
এদিকে সম্প্রতি ‘গুলশানের চামেলি’ নামে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। চলতি বছরই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি আগামী বছর সরকারি অনুদানের দুটি সিনেমায় কাজ করার পরিকল্পনাও রয়েছে তার।