মিরপুর প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুরে মসজিদে যাওয়ার পথে ব্যাটারিচালিত অটোর ধাক্কায় আব্দুল লতিফ মালিথা (৬৫) নামের এক শিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের খয়েরপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফ মালিথা খয়েরপুর এলাকার মৃত সাবান মালিথার ছেলে। তিনি খয়েরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে জুম্মার নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে সাইকেলযোগে খয়েরপুর জামে মসজিদে যাচ্ছিলেন আব্দুল লতিফ মালিথা। এ সময় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটো তাকে ধাক্কা দেয়। এই সময় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।