logo

রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ ১০:০১ পূর্বাহ্ন

হিপের চোট কাটিয়ে শুটিংয়ে ফিরছেন রাশমিকা

প্রতিবেদন প্রকাশ: ০৫ সেপ্টেম্বার ২০২৬ | সময়ঃ ০৬:৩০
  • সংবাদ পাঠকঃ ৮৫৫ জন
photo

 

 

বিনোদন ডেস্ক :  হিপের চোটের কারণে প্রায় দেড় মাস শুটিং থেকে দূরে থাকার পর কাজে ফিরছেন দক্ষিণী ও বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানা। জুলাইয়ে অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মাইসা’র শুটিংয়ের সময় চোট পান তিনি। আজ থেকেই আবার শুটিংয়ে ফেরার কথা রয়েছে অভিনেত্রীর।কীভাবে চোট পেয়েছিলেন, সেই অভিজ্ঞতা জানিয়ে রাশমিকা বলেন, একটি গানের শুটিংয়ের সময় তাঁর হিপের হাড়ের টেনডন ছিঁড়ে যায়। চোট লাগার বিষয়টি টের পেলেও শুটিং চালিয়ে যান তিনি। একপর্যায়ে ডান পা তুলতে না পারায় শুটিং বন্ধ করতে বাধ্য হন।

 

রাশমিকা বলেন, ‘আমি টেনডন ছিঁড়ে যাওয়ার শব্দ ও অনুভূতি পেয়েছিলাম। কিন্তু যতক্ষণ না ডান পা তুলতে পারছিলাম, ততক্ষণ শুটিং চালিয়ে গেছি। পরদিন হাসপাতালে গিয়ে এমআরআই করাই। আমি তখনও স্বাভাবিক ও হাসিখুশি ছিলাম। তাই চিকিৎসকরাও প্রথমে কোনো চোটের বিষয়টি বুঝতে পারেননি। পরে তাঁরা অবাক হয়ে যান যে, আমি নিজেই হেঁটে হাসপাতালে চলে এসেছি। তাঁরা বলেছিলেন, আমার ব্যথা অনুভব করার ক্ষমতায় হয়তো সমস্যা আছে।’

তবে শুটিংয়ে ফেরার পর এবার তাঁকে বেশ সতর্ক থাকতে হবে বলেও জানান অভিনেত্রী।

চিকিৎসকেরা এক সপ্তাহের মধ্যেই কাজে ফেরার অনুমতি দিয়েছিলেন। কিন্তু রাশমিকা জানিয়েছেন, তাঁর কাজের ব্যস্ত সূচির কারণে দ্রুতই শুটিংয়ে ফিরতে হচ্ছে। প্রথমে হায়দরাবাদে ‘রানাবালি’ সিনেমার শুটিং করবেন তিনি। সিনেমাটির মুক্তি সামনে থাকায় এখনও প্রায় ১০ দিনের শুটিং বাকি।

 

রাশমিকা বলেন, ‘আমি হায়দরাবাদে “রানাবালি”র শুটিং শুরু করছি। সিনেমাটি খুব শিগগির মুক্তি পাবে এবং আমার আরও ১০ দিনের শুটিং বাকি। এরপর আরও দুটি সিনেমার কাজ আছে। আমার পুরো কয়েক মাসের পরিকল্পনা করা রয়েছে। ক্যালেন্ডারের দিকে তাকালেই এখন একটু অস্থির লাগছে।’

তবে এই দেড় মাসের বিরতি তাঁর জন্য একেবারে খারাপ ছিল না। বরং দীর্ঘদিন পর ঘুমানো, পরিবারের সঙ্গে সময় কাটানো, বই পড়া ও পাজল সমাধানের মতো পছন্দের কাজগুলো করার সুযোগ পেয়েছেন তিনি। শুটিংয়ের ব্যস্ততায় ফিরলে এসব সময়ই সবচেয়ে বেশি মিস করবেন বলে জানান অভিনেত্রী।

এই বিরতিতে স্বামী অভিনেতা ও প্রযোজক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গেও দীর্ঘ সময় কাটানোর সুযোগ হয়েছে রাশমিকার। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পর এটিই ছিল তাঁদের একসঙ্গে কাটানো সবচেয়ে দীর্ঘ সময়।

রাশমিকা বলেন, ‘বিয়ের পর তিন মাস আমরা একে অপরকে দেখতেই পারিনি। শুধু ফোনে কথা বলতাম। মনে হয়, এটা ছিল মহাবিশ্বের পক্ষ থেকে বলা—শান্ত হও, এবার তোমাকে কিছুদিন বাড়িতে রাখছি। এই সময়টাই আমাদের একসঙ্গে কাটানো সবচেয়ে দীর্ঘ সময়। বিষয়টি কিছুটা অদ্ভুত ছিল, তবে ভালোও লেগেছে।’

দুজনের বিনোদনের পছন্দ অবশ্য এক নয়। বিজয় গুরুগম্ভীর ধরনের সিরিজ দেখতে পছন্দ করেন, অন্যদিকে রাশমিকার পছন্দ কোরিয়ান ড্রামা। তবে একসঙ্গে থাকতে গিয়ে স্বামীর পছন্দেও পরিবর্তন এনেছেন বলে মজা করে জানান অভিনেত্রী।

রাশমিকার ভাষায়, ‘সে সিরিয়াস ধরনের শো দেখতে পছন্দ করে, আর ক-ড্রামা আমার পছন্দ। এখন আমরা দুটোই দেখি। এরই মধ্যে আমি তাকে ক-ড্রামার ভক্ত বানিয়ে ফেলেছি।’

রাশমিকার ভাষ্য অনুযায়ী, বিজয়ও এমন আরও কিছু অবসর সময় চান। তবে পরেরবার যেন এর পেছনে কোনো চোটের কারণ না থাকে—এমনটাই তাঁর স্বামীর প্রত্যাশা।

হেসে রাশমিকা বলেন, ‘বিজয় বলে, চলো এমন সময় আরও কাটাই, তবে পরেরবার যেন কোনো চোটের কারণে না হয়।’

পরিবারের সঙ্গে কাটানো এই সময়গুলো কতটা মূল্যবান, সেটিও তুলে ধরেছেন রাশমিকা। তাঁর মতে, ব্যস্ত জীবনে পরিবারের সঙ্গে পাওয়া মুহূর্তগুলো খুব দ্রুত কেটে যায়।

তিনি বলেন, ‘আমি অসুস্থ—এমনটা মনেই হয়নি। কারণ কাউকে আমার যত্ন নিতে বা সাহায্য করতে আমি খুব একটা পছন্দ করি না। বিছানায় শুয়ে থেকে কেউ এসে আমাকে উঠিয়ে দেবে—এভাবে থাকতে পারি না। আমি বিশ্বাস করতে চাই, নিজের কাজ নিজেই করার মতো আমি যথেষ্ট ফিট। তাই পরিবারের সঙ্গে এই সময়টা উপভোগ করেছি, অনেক সুন্দর স্মৃতি তৈরি করেছি।’

চোটের ধকল কাটিয়ে আবারও ব্যস্ত শুটিং সূচিতে ফিরছেন রাশমিকা। তবে এবারের বিরতি তাঁকে শুধু শারীরিকভাবে বিশ্রামই দেয়নি, বরং পরিবার ও স্বামী বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে কাটানো কিছু মূল্যবান মুহূর্তও উপহার দিয়েছে।

 


 

 

শেয়ার করুন