ঢাকা অফিস :
১৯৪৮-৪৯ মৌসুমে মেরিলবোর্ন ক্রিকেট ক্লাবের হয়ে ইংল্যান্ডের ব্যাটার ডেনিস কম্পটন দক্ষিণ আফ্রিকার বেনোনিতে নর্থ-ইষ্টার্ন দলের বিপক্ষে ৩০০ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন মাত্র ১৮১ মিনিটে। সেই ইনিংস দীর্ঘ ৭৭ বছর ধরে দক্ষিণ আফ্রিকার মাটিতে সফরকারী দলের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড হিসেবে টিকে ছিলো।এবার সেই রেকর্ড ভেঙে বাংলাদেশের তাওহিদ হৃদয় নতুন ইতিহাস গড়লেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পচেফস্ট্রুমে অপরাজিত ৩৫০ রানের ইনিংস খেলেছেন তিনি। এর মধ্য দিয়ে প্রোটিয়াদের মাটিতে সফরকারী দলের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড নিজের করে নিয়েছেন এই বাংলাদেশি ব্যাটার।
শুধু কম্পটনের রেকর্ডই নয়, এই ইনিংসের মাধ্যমে আরও বেশ কয়েকটি মাইলফলক স্পর্শ করেছেন এই টাইগার ব্যাটার। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দেশের বাইরে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি।
এর আগে ২০০৩ সালে পাকিস্তানের করাচিতে ডিফেন্স হাউজিং কমিটি দলের বিপক্ষে ২১৮ রান করেছিলেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশ ‘এ’ দলের কোনো ব্যাটারের একমাত্র ডাবল সেঞ্চুরি হিসেবে এতোদিন সেটিই ছিলো সর্বোচ্চ। শাহরিয়ারের সেই রেকর্ড ছাড়িয়ে এবার আরও বড় ইতিহাস লিখলেন হৃদয়।