logo

শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ ০৭:৪৩ অপরাহ্ণ

আল-আকসায় ইসরায়েলি অনুপ্রবেশের নিন্দায় ৮ মুসলিম দেশ

প্রতিবেদন প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | সময়ঃ ০২:৪৯
  • সংবাদ পাঠকঃ ৭২২ জন
photo

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে হাজারো ইসরায়েলি বসতি স্থাপনকারী ও উগ্র ডানপন্থী গোষ্ঠীর প্রবেশের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আটটি আরব ও মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ। তারা এ ঘটনাকে উসকানিমূলক, অবৈধ এবং জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনি অবস্থান পরিবর্তনের চেষ্টা হিসেবে অভিহিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

 

বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, উগ্রপন্থী ইসরায়েলি মন্ত্রীদের নেতৃত্বে বসতি স্থাপনকারীদের আল-আকসা মসজিদের পবিত্র প্রাঙ্গণে ব্যাপক অনুপ্রবেশের ঘটনা তারা কঠোরভাবে নিন্দা জানাচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি পুলিশের নিরাপত্তায় পরিচালিত এই অভিযান ঘৃণা ও উগ্রবাদকে আরও উসকে দেবে এবং দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে।

 

তারা আরও বলেন, জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনি অবস্থান পরিবর্তনের এই প্রচেষ্টা আন্তর্জাতিক আইনবিরোধী। পাশাপাশি জোর দিয়ে বলা হয়, অধিকৃত জেরুজালেম বা সেখানকার ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।

ফিলিস্তিনি সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ইহুদিদের ধর্মীয় শোক দিবস তিশা বি’আভ উপলক্ষে ৪ হাজারের বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারী এবং উগ্র ডানপন্থী গোষ্ঠীর সদস্য আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। চলতি বছরে এটি ছিল অন্যতম বৃহৎ অনুপ্রবেশ।

এ সময় ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করেন।

ফিলিস্তিনি কর্মকর্তারা অভিযোগ করেন, ইসরায়েলি বাহিনী মসজিদের প্রবেশপথে কঠোর বিধিনিষেধ আরোপ করে, বিপুলসংখ্যক ফিলিস্তিনি মুসল্লি ও শিক্ষার্থীকে প্রবেশে বাধা দেয় এবং কয়েকজনকে মারধরও করে।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। পরে ১৯৮০ সালে অঞ্চলটি আনুষ্ঠানিকভাবে নিজেদের সঙ্গে যুক্ত করার ঘোষণা দেয়। তবে ২০২৪ সালে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায়ে জানায়, পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ।

বর্তমান ব্যবস্থাপনা অনুযায়ী, জর্ডানের নিয়োগপ্রাপ্ত জেরুজালেম ওয়াকফ কর্তৃপক্ষ আল-আকসা মসজিদের প্রশাসনিক দায়িত্ব পালন করে।

ইহুদি ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, তিশা বি’আভ দিবসে প্রাচীন ইহুদি মন্দির দুবার ধ্বংস হওয়ার ঘটনা স্মরণ করা হয়। মুসলমানদের কাছে স্থানটি আল-আকসা মসজিদ প্রাঙ্গণ হিসেবে পরিচিত, আর ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত।

যৌথ বিবৃতিতে উসকানিমূলক বক্তব্য, আল-আকসায় প্রবেশে উৎসাহ দেওয়া এবং ইসরায়েলি মন্ত্রী ও উগ্রপন্থী গোষ্ঠীর সহিংস কর্মকাণ্ডেরও নিন্দা জানানো হয়।

এতে দখলদার শক্তি হিসেবে ইসরায়েলকে আল-আকসা মসজিদে প্রবেশের ওপর আরোপিত সব বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, জেরুজালেমের ইসলামিক ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর বিরুদ্ধে চলমান লঙ্ঘন ও অবৈধ কর্মকাণ্ড বন্ধে ইসরায়েলের ওপর কার্যকর চাপ সৃষ্টি করতে হবে এবং এসব পবিত্র স্থানের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় দৃঢ় অবস্থান নিতে হবে। 

শেয়ার করুন