যন্তর মন্তরের আন্দোলন ছড়িয়ে পড়েছে সারা দেশে। মুম্বইয়েও নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে আন্দোলনে শামিল হয়েছে নতুন প্রজন্ম। সেই আন্দোলনে আলোচনায় উঠে এসেছেন ২৭ বছরের মডেল রিয়া আহির।
মুম্বইয়ে আন্দোলনরত পড়ুয়াদের পর পর ভ্যানে তুলে আটক করে পুলিশ। তখন সেই ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়েন রিয়া। দাবি করেন, অবিলম্বে পড়ুয়াদের ছাড়তে হবে। শিবাজী পার্কের কাছে পুলিশ ভ্যানের সামনে রিয়ার দাঁড়িয়ে থাকার ছবি ও ভিডিয়ো সমাজমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তাঁর এই প্রতিবাদ ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
রিয়া জানান, বিকেল সাড়ে ৪টে নাগাদ তিনি শিবাজী পার্কের দিকে হাঁটছিলেন। সেই সময়ে তিনি দেখেন, একটি পুলিশ ভ্যানে বহু আন্দোলনকারীকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর মনে হয়েছিল, অকারণেই তাঁদের আটক করা হয়েছে। তাই তিনি দৌড়ে গিয়ে ভ্যানের সামনে দাঁড়িয়ে পড়েন। আন্দোলনকারীদের স্লোগান শুনে আর চুপ করে থাকতে পারেননি বলে জানান রিয়া।
রিয়া জানান, ঘটনাস্থলে তাঁর সঙ্গে পুলিশকর্মীদের তর্ক হয়। পুলিশের পক্ষ থেকে তাঁকে বলা হয়, ভ্যানটি কিছুটা দূরে যাওয়ার পর আটক পড়ুয়াদের ছেড়ে দেওয়া হবে। রিয়া প্রশ্ন তোলেন, যদি ছেড়েই দেওয়া হয়, তা হলে তখনই কেন তাঁদের মুক্তি দেওয়া হচ্ছে না? তাঁর দাবি, এই প্রশ্নের স্পষ্ট জবাব দিতে পারেননি পুলিশকর্মীরা। রিয়ার মতে, এতে বোঝাই যাচ্ছিল যে তাঁদের পদক্ষেপ সঠিক ছিল না।


