বিষয়: সিলেট জেলায় বদলিকৃত জেলা প্রশাসক জনাব মোঃ সারোয়ার আলম স্যার'কে বহাল রাখার জন্য সিলেটবাসির আকুল আবেদন।
মহোদয়,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমরা সিলেট জেলার সর্বস্তরের নাগরিকবৃন্দ আপনার নিকট এই মর্মে আকুল আবেদন জানাচ্ছি যে, সম্প্রতি সিলেট জেলায় জেলা প্রশাসক হিসেবে পদায়নকৃত জনাব মোঃ সারোয়ার আলম স্যার"কে তার বর্তমান কর্মস্থলে বহাল রাখার জন্য আপনার সদয় বিবেচনা একান্ত কাম্য।
জনাব মোঃ সারোয়ার আলম স্যার সিলেট জেলায় জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রশাসনিক স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় তার দৃঢ় অঙ্গীকারের প্রমাণ দিয়েছেন। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি সিলেট অঞ্চলের প্রাকৃতিক সম্পদ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছেন, যার ফলে 'সাদাপাথর' এলাকায় দীর্ঘদিনের চলমান অবৈধ পাথর উত্তোলন ও লুটপাট বন্ধ হয়েছে। এছাড়া, তিনি হযরত শাহজালাল (রহ.) মাজারের প্রায় ৭০০ বছরের ঐতিহ্য ও পবিত্রতা রক্ষায় অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন। দীর্ঘ সময় ধরে মাজারের তহবিল থেকে কিছু অসাধু চক্রের টাকা আত্মসাতের যে অভিযোগ ছিল, তা বন্ধ করতে তিনি ইতোমধ্যে মাজারের সুনির্দিষ্ট আয়-ব্যয়ের হিসাব তলব করেছেন। তার এই সাহসী ও সময়োপযোগী পদক্ষেপের ফলে মাজারের তহবিলে স্বচ্ছতা ফিরে আসছে এবং ভবিষ্যতে কোনো স্বার্থান্বেষী মহল যেন আর কখনোই মাজারের পবিত্র অর্থ লুটপাট করতে না পারে, তার একটি স্থায়ী সুরক্ষা বলয় তৈরি হচ্ছে।
সিলেটের সাধারণ মানুষ বিশ্বাস করে, প্রশাসনিক ক্ষেত্রে তার এই কঠোর ও জনবান্ধব অবস্থান অব্যাহত থাকলে সিলেটবাসীর জীবনযাত্রার মান আরও উন্নত হবে। এমতাবস্থায়, উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা, প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং ধর্মীয় প্রতিষ্ঠানের তহবিলের স্বচ্ছতা নিশ্চিত করার বৃহত্তর স্বার্থে জনাব মোঃ সারোয়ার আলম স্যার'কে সিলেট জেলায় বহাল রাখা অতীব জরুরি।
অতএব, জনস্বার্থ ও উন্নয়নের স্বার্থে জনাব মোঃ সারোয়ার আলম-কে সিলেট জেলার জেলা প্রশাসক হিসেবে বহাল রাখার নির্দেশ প্রদান করতে আপনার সদয় মর্জি হয়।
আপনার এই সুচিন্তিত সিদ্ধান্ত সিলেটবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে।