বিনোদন সময় ডেস্ক : বিশ্বসংগীতের তারকা টেলর সুইফট ও এনএফএলের তারকা ট্রাভিস কেলসির সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। গত বছর বাগদানের পর থেকেই তাদের বিয়ে কবে হবে, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। মেয়র বলেন, ‘আমরা জানি এই সময় এনবিএতে নিউইয়র্ক নিকসের খেলা চলছে। ৪ জুলাই স্বাধীনতা দিবসের উদ্যাপন। এবার একই সময়ে টেলর সুইফটের বিয়েও হচ্ছে। সবকিছু মিলিয়ে আমরা বিশ্বের মানুষকে স্বাগত জানাতে প্রস্তুত।’ সাংবাদিকরা সরাসরি জানতে চান, তিনি কি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত? জবাবে হাসতে হাসতেই মেয়র বলেন, ‘না, আমন্ত্রণ পাইনি। আর যাচ্ছিও না। তবে আমি তাদের জন্য সুন্দর এক বিয়ে অনুষ্ঠানের শুভকামনা জানাই।’ এরপর মজার ছলে টেলরের জনপ্রিয় গান ‘অনলি দ্য ইয়ং’-এর উল্লেখ করে বলেন, ‘আমি বাড়িতে বসেই গানটা শুনব।’
যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমের দাবি, টেলর ও ট্রাভিস আগামী ৩ জুলাইয়ের সপ্তাহান্তে বিয়ের পরিকল্পনা করছেন। এমনকি অনুষ্ঠানটি নিউইয়র্কের ভেন্যু ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হতে পারে বলেও গুঞ্জন রয়েছে। খবর অনুযায়ী, যারা আমন্ত্রণ পেয়েছেন, তাদের অনুষ্ঠানসংক্রান্ত তথ্য জানার আগে গোপনীয়তা চুক্তি বা এনডিএতে স্বাক্ষর করতে হয়েছে। অতিথি তালিকায় থাকতে পারেন হলিউড ও সংগীতজগতের বেশ কয়েকজন পরিচিত মুখ। তাদের মধ্যে জো ক্রাভিটজ, সুকি ওয়াটারহাউস, কার্লি ক্লস, এড শিরান, হেইম বোনেরা, জিজি হাদিদ ও সেলেনা গোমেজের নাম শোনা যাচ্ছে।