logo

শনিবার, ২ মে, ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ০১:২৯ পূর্বাহ্ন

সৌদি আরব ‘দৈনিক ৫০টি ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার’ অভিযোগে ইরানি কূটনীতিকদের বহিষ্কার করল

প্রতিবেদন প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | সময়ঃ ১১:৩৪
  • সংবাদ পাঠকঃ ৮৩৬ জন
photo

অনলাইন ডেক্স : 

 

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতির জেরে দেশটিতে নিযুক্ত ইরানের সামরিক অ্যাটাশে, তাঁর উপ-সহকারী এবং আরও তিন কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ বা অগ্রহণযোগ্য ঘোষণা করে বহিষ্কার করেছে সৌদি আরব। রিয়াদ ও তেহরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই পদক্ষেপকে বড় ধরনের সংঘাতের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের এই কঠোর সিদ্ধান্তের প্রধান কারণ হলো ইরান থেকে সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে ক্রমাগত ছোড়া মিসাইল ও ড্রোন হামলা। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে দেশটিতে প্রতি ঘণ্টায় ড্রোন ও মিসাইল হামলার সতর্কতা জারি করা হচ্ছে।

দেশটির প্রতিরক্ষা বিভাগ দাবি করেছে, ইরান থেকে গড়ে প্রতিদিন প্রায় ৫০টি করে ড্রোন ও মিসাইল ছোড়া হচ্ছে।

আজ রোববার স্থানীয় সময় সকালে সরাসরি রাজধানী রিয়াদ লক্ষ্য করে বেশ তিনটি দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা হয়। স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, এর মধ্যে একটি মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাকি দুটি জনশূন্য এলাকায় গিয়ে পড়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আত্মরক্ষার স্বার্থে যেকোনো সময় পাল্টা আঘাত হানার অধিকার সৌদি আরবের আছে। কেবল সৌদি আরবই নয়, অন্যান্য উপসাগরীয় দেশগুলোর নেতারাও এখন একই ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিচ্ছেন। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সমঝোতা বা কূটনৈতিক আলোচনার পথ ক্রমেই রুদ্ধ হয়ে আসছে বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন