কুষ্টিয়া প্রতিনিধি :
ছুটির দিনে সরকারি গাড়ি ব্যবহার করে পরিবার-পরিজন নিয়ে কুষ্টিয়ার একটি মার্কেটে কেনাকাটা করার অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উবায়দুর রহমান সাহেলের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে কুষ্টিয়া শহরে ইজি শো-রুমের সামনে নীল রং-এর একটি পাজেরো (চুয়াডাঙ্গা-ঘ-১১-০০১৫ নম্বর) সরকারি গাড়ির দেখা মেলে। ছুটির দিনে চুয়াডাঙ্গা জেলা থেকে কুষ্টিয়া জেলাতে সরকারি গাড়ি নিয়ে পরিবারের সাথে মার্কেটে আসার বিষয়ে জানতে চাইলে প্রশ্নটি এড়িয়ে যান ইউএনও সাহেল। সাংবাদিক পরিচয় পেয়ে দ্রুত স্থান ত্যাগ করেন দামুড়হুদা উপজেলা ইউএনও। এসময় দেখা যায় তার সাথে পরিবারের বেশ কয়েকজন স্বজন ছিলেন। এছাড়া নিরাপত্তা রক্ষাকারী আনছার সদস্যও ছিলেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, নিজের ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহারের বিধান নেই। তবে অফিস থেকে অনুমতি নেওয়া থাকলে ব্যবহার করা যাবে। বন্ধের দিনে কিভাবে অনুমতি নিয়েছে প্রশ্নের জবাবে বলেন খোঁজ নিয়ে দেখছি। কুষ্টিয়া শহরের স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সরকারি ছুটির দিনে ইউএনওকে সরকারি নম্বর প্লেটযুক্ত একটি গাড়িতে করে পরিবার নিয়ে কুষ্টিয়া শহরের একটি ব্যস্ত মার্কেটে দেখা যায়। এ সময় গাড়িটি ঘণ্টাব্যাপী সেখানে অবস্থান করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। অভিযোগকারীদের দাবি, সরকারি গাড়ি শুধুমাত্র দাপ্তরিক কাজে ব্যবহারের নিয়ম রয়েছে। ব্যক্তিগত বা পারিবারিক প্রয়োজনে এ ধরনের গাড়ি ব্যবহার সরকারি বিধিপরিপন্থী। এ ঘটনায় প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এ বিষয়ে জানতে চাইলে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার সাহেল সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে বাধ্য নন বলে জানান। এদিকে সচেতন মহল মনে করছে, সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হলে এ ধরনের অভিযোগের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত জরুরি।