সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে স্বামী–স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ভূঁইয়াগাঁতী–নিমগাছী সড়কের খৈচালা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের কুমারল্লু গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম ও তার স্বামী জালাল উদ্দিন। সংঘর্ষে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন অটোভ্যান চালক মগরিব আলী, মনোয়ারা খাতুন, আব্দুর রউফসহ আরও একজন যাত্রী। আহতদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।