স্কুলছাত্রী তাজমিন হত্যার ঘটনায় সন্দেহভাজন অটোরিকশাচালক গ্রেপ্তার


কুমিল্লা প্রতিনিধি : 

 

 

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যার ঘটনায় সন্দেহভাজন সুমন নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম নগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া জিজ্ঞাসাবাদের জন্য তার খালাশাশুড়ি ও বোনজামাইকে আটক করা হয়েছে।

 

দুপুরে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে চট্টগ্রাম নগরী থেকে সুমনকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে পুলিশ কুমিল্লার উদ্দেশে রওনা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

 

গ্রেপ্তার সুমন চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা। তিনি লালমাই উপজেলার জগতপুর এলাকার তাজুল ইসলামের মেয়েকে বিয়ে করে ঘরজামাই হিসেবে থাকতেন। সিএনজিচালিত অটোরিকশাটি বাগমারা এলাকার মনির হোসেনের মালিকানাধীন। সুমন সেটি ভাড়ায় চালাতেন।

পুলিশের ভাষ্য, সুমনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই। তিনি মোবাইল ফোনও ব্যবহার করতেন না বলে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন। ফলে তার অবস্থান শনাক্ত করতে পুলিশকে বেগ পেতে হয়। ঘটনার পর থেকে তাকে খুঁজতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছিল।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার সকালে লালমাই উপজেলার জগতপুর গ্রামের একটি ধানখেত থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। অটোরিকশাটি জব্দ করে সেটির সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। একপর্যায়ে চালক সুমনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়।

নিহত স্কুলছাত্রী তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আবদুল আলীমের মেয়ে। সে কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবা আবদুল আলীম একটি ওষুধ কোম্পানির কুমিল্লা অঞ্চলে কর্মরত। পরিবারের সদস্যরা নগরীর রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

পরিবার জানিয়েছে, চার দিন আগে বান্ধবীর বাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তাজমিন। পরে তার কক্সবাজারে যাওয়ার তথ্য পাওয়া যায়। সেখান থেকে ফেরার পথে সে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় নামে। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় তাজমিনের বাবা আবদুল আলীম বাদী হয়ে লালমাই থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।