দিঘলিয়ায় চায়ের দোকানে প্রকাশ্যে গুলি করে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতা নাসিমকে হত্যা


খুলনা অফিস : খুলনার দিঘলিয়ায় প্রকাশ্য দিবালোকে চায়ের দোকানে বসে থাকা অবস্থায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন ‘পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (জনযুদ্ধ)’-র আঞ্চলিক নেতা মো. নাসিমুল গণি করিম ওরফে নাসিমকে (৪৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

রোববার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরমাইশখানা এলাকায় এই চাঞ্চল্যকর ও পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাসিম ফরমাইশখানা এলাকার মৃত আ. গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ফরমাইশখানা এলাকার একটি চায়ের দোকানের সামনে বসেছিলেন নাসিম। বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলযোগে আসা দুই দুর্বৃত্ত অত্যন্ত কাছ থেকে তাঁকে লক্ষ্য করে পর পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সানোয়ার হুসাইন মাসুম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখান থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করে।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, নিহত নাসিমের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও অপহরণসহ মোট আটটি মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ চরমপন্থী দলটির আঞ্চলিক নেতা হিসেবে সক্রিয় ছিলেন।

আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণায়, চরমপন্থী সংগঠনের ভেতরের দীর্ঘদিনের অভ্যন্তরীণ কোন্দল, নাকি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।