সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ


 
 
মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরা :
 
সাতক্ষীরার কালিন্দী নদী সীমান্তে প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তিকে বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইন করার চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপ ও দৃঢ় অবস্থানের মুখে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।
​বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বৈরী আবহাওয়ার সুযোগ নিয়ে বিজিবির নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) দায়িত্বপূর্ণ খুরমী বিওপির দক্ষিণ দিকে আনুমানিক ৩.৫ কিলোমিটার দূরে কালিন্দী নদীর মধ্যবর্তী চর এলাকার 'বাঁশঝাড়িয়া মিনি ফরেস্ট' নামক স্থানে এ ঘটনা ঘটে। সেখানে ভারতের ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের চর সাহেবখালী বিএসএফ ক্যাম্পের সদস্যরা একটি কান্ট্রি বোট ও একটি স্পিড বোটে করে অজ্ঞাত ১০-১২ জন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে।
​বিষয়টি খুরমী বিওপির টহলদলের নজরে আসামাত্রই বিজিবি সদস্যরা স্পিড বোট নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং অনুপ্রবেশে সরাসরি বাধা প্রদান করেন। বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয় এবং বেলা ১১টার দিকে ওই ব্যক্তিদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ বলেন, “দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে ১৭ বিজিবি সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে কাজ করছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হবে না।”
​তিনি আরও জানান, আন্তর্জাতিক সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা ও প্রচলিত দ্বিপাক্ষিক সমঝোতা লঙ্ঘন করে যেকোনো ধরনের পুশ-ইনের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যেকোনো সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও অপারেশনাল কার্যক্রম বহুগুণ জোরদার করা হয়েছে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।