প্রতিবেদন প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, সময়ঃ ০১:৩৯
রাজ্জাক মাহমুদ রাজ :
কুষ্টিয়া সদরের বিত্তিপাড়া বাজারে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আব্দুল আজিজ। কোনো স্বার্থ ছাড়াই গত আট বছর ধরে তিনি নিজের জায়গায় পরিচয়হীন ছিন্নমূল মানুষদের থাকা, খাওয়া ও চিকিৎসার দায়িত্ব পালন করছেন। তাঁর এই মহৎ উদ্যোগের ধারাবাহিকতায় গড়ে উঠেছে ‘পাগলা খানা’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সেবামূলক কাজের পাশাপাশি গত দুই বছর ধরে উজানগ্রাম ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে আসছে সংগঠনটি। এরই অংশ হিসেবে শুক্রবার গজনবীপুর কবরস্থানে সুপারি, ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হয়।
সংগঠনের প্রধান আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিত্তিপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব জান্নাতুল আদনান,সাধারণ সম্পাদক ইরফান নবীর হৃদয়, জাহিদুল ইসলাম , মামুন অর রশিদ , কামাল হোসেন,আজিজুল ইসলাম, মমিন মন্ডল, আজাদুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।