ভাইদের হাতে ভাই খুন


দৌলতপুর প্রতিনিধি : 
 

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্বশত্রুতা ও একটি টর্চলাইটকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে মামুন মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের দুই চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার জুমার নামাজের পর উপজেলার মরিচা ইউনিয়নের সুকারঘাট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মামুন মোল্লা ওই এলাকার মুজাম্মেল মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, পারিবারিক বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাতে চাচা ইসমাইল মোল্লার বাড়িতে গরু চুরির উদ্দেশে গিয়ে একটি টর্চলাইট ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠে মামুন মোল্লার পক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর পরিবারের দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষ বাধে।

বিজ্ঞাপন

এতে মামুন মোল্লাসহ তিনজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে মামুন মোল্লার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোররাতে রাতে তিনি মারা যান।

এ ঘটনার পর নিহতের চাচাতো ভাই উজ্জ্বল মোল্লা (৪৮) ও জাব্বার মোল্লাকে (৩৫) আটক করেছে পুলিশ। তারা নিহত মামুন মোল্লার চাচা মৃত ইসমাইল মোল্লার ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ঘটনার পর দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার দায়ের হয়েছে। 


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।