প্রতিবেদন প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, সময়ঃ ০৭:০৩
দৌলতপুর প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ একজনকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) ভোররাতে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন- উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মধ্যপাড়ার বাসিন্দা মো. বিপ্লবের ছেলে মো. বিজয় (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপ্লবের বাড়ির গোয়ালঘরে গরুর খাবার রাখার চারির ভেতর থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি এবং ৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, অস্ত্র, গুলি ও মাদকসহ দুইজনকে আটক করা হয়েছিল। একজন সম্পৃক্ত না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়। এছাড়া অস্ত্র ও মাদক কীভাবে পেল, কোথা থেকে আনলো সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।