প্রতিবেদন প্রকাশ: ২৯ জুন ২০২৬, সময়ঃ ০১:৩৬
বিনোদন প্রতিবেদক : মাস চারেক আগে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী নাজনীন নীহার বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল। তখন বিষয়টি ভিত্তিহীন বলে উড়িয়ে দেন এই অভিনেত্রী। তবে এবার নিজেই সম্পর্কের অবস্থান পরিবর্তন করে খবরের শিরোনাম হলেন।
আজ সোমবার (২৯ জুন) ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাস বদলেছেন নীহা। স্ট্যাটাসে লেখা ‘এনগেজড’। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। তবে কি বিয়ে করেছেন অভিনেত্রী? নাকি বাগদান সারলেন?
বিষয়টি জানতে নাজনীন নীহার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। হোয়াটসঅ্যাপ ও খুদে বার্তাতেও মেলেনি সাড়া।
এদিকে ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও কৌতূহলী প্রশ্নে ভরে গেছে। কেউ তার হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চেয়েছেন, কেউ আবার মিষ্টি খাওয়ার দাবি তুলেছেন। তবে এসব মন্তব্যেরও কোনো জবাব দেননি অভিনেত্রী।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে হলুদ মাখানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন নীহা। সেই ছবি প্রকাশের পরই বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পরে সেটিকে ‘নাটকের প্রচারণা’ বলে ব্যাখ্যা করেছিলেন।
তবে এবার ‘এনগেজড’ স্ট্যাটাসের বিষয়ে নাজনীন নীহার আনুষ্ঠানিক বক্তব্য না পাওয়া পর্যন্ত বাগদানের খবরটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।