প্রতিবেদন প্রকাশ: ২৪ জুন ২০২৬, সময়ঃ ০১:২৩
কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লায় ধ’র্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া বহিষ্কৃত ছাত্রশিবির কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২১ জুন) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক তৈয়ব উদ্দিন এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১১ জুন জিসান আহমেদ প্রধান নিখোঁজ হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন দাউদকান্দি মডেল থানায় সাধারণ ডায়েরি করা হয়। একই দিন রাতে লাকসাম জংশন এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরবর্তীতে ২৫ বছর বয়সী এক বিধবা নারী দাউদকান্দি থানায় তার বিরুদ্ধে ধ’র্ষণ অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে ১৬ জুন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আদালতে হাজির করা হয়।
বাদীপক্ষের আইনজীবী জানান, তদন্তের স্বার্থে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। তদন্ত কর্মকর্তা আশা প্রকাশ করেন, জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।