প্রতিবেদন প্রকাশ: ২১ জুন ২০২৬, সময়ঃ ১০:৪৭
জনতার পত্রিকা :
পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক ও তার সহকারী নিহতের খবর পাওয়া গেছে।
রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলায় বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুর সদর উপজেলার ট্রাকচালক আনিচুর রহমান আনিস এবং তার সহকারী রতন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথর বোঝাই করে ট্রাকটি ফরিদপুরে যাচ্ছিল। সকাল ৮টার দিকে ট্রাকটি কুষ্টিয়া বাইপাস সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উলটে যায়। দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ট্রাকচালক আনিচুর রহমান আনিসের লাশ উদ্ধার করা হয়। চালকের সহকারী রতন পাথরের নিচে চাপা পড়ায় তাকে উদ্ধারে কিছুটা সময় লাগে। পরবর্তী সময়ে তার লাশও উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।