বাথরুমের অপরিচ্ছন্নতায় ক্ষোভ : স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন করলেন কুষ্টিয়া জেনারেল হাসপাতাল


 

 

জনতার পত্রিকা : 

 

কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও রান্নাঘর ঘুরে দেখেন।

পরিদর্শনকালে মন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পর্যবেক্ষণ করেন। হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও বাথরুমের অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে ক্ষোভ জানান তিনি।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে এই সফর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা দেশের জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে।

তিনি বলেন, ‘গত ১৭ বছরে হাসপাতালের উন্নয়নে কার্যকর কোনো কাজ হয়নি। কাজ করলে জবাবদিহিতা থাকে। জনগণের কাছে দায়বদ্ধতার অভাব ছিল বলেই স্বাস্থ্যখাতে নানা সমস্যা তৈরি হয়েছে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছি এবং প্রধানমন্ত্রী আমাদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই কাজ করছি।’

রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পর্যবেক্ষণ করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পর্যবেক্ষণ করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী। 

এ সময় তিনি আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালুর আশ্বাস দেন।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে সেখানে উপস্থিত হন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন এবং সিভিল সার্জন ডা. এস. এম. কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।