ভালোবাসার স্মারক তাজমহল’ আসছে ‘


বিনোদন প্রতিবেদক : 

 

 

জাঁকজমকপূর্ণ এক প্রিমিয়ার শোয়ের মাধ্যমে পর্দা উঠল ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’র। গত রোববার (২৪ মে) এই বিশেষ প্রদর্শনী উপলক্ষে রাজধানীর যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে বসেছিল তারকার মেলা। যেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির নির্মাতা ও প্রধান দুই অভিনয়শিল্পীসহ চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

সীমান্তের দুই প্রান্তের দুটি হৃদয়ের আবেগঘন এক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘তাজমহল’। এতে টালিউডের দেবের বিপরীতে ‘বাঘা যতীন’ এবং সৃজিত মুখার্জির ‘টেক্কা’খ্যাত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সৃজা দত্ত এবং বাংলাদেশের ছোটপর্দার পরিচিত মুখ ফাইজুল ইয়ামিনের এই নবাগত জুটির রসায়ন ইতিমধ্যেই দর্শক ও সমালোচকদের মাঝে বেশ কৌতূহল সৃষ্টি করেছে।

এ ছাড়া এই ফিল্মের মাধ্যমে দীর্ঘ ১১ বছরের বিরতি ভেঙে আবারও পরিচালকের আসনে ফিরছেন ‘চক্র’ ও ‘পাড়ি’খ্যাত নির্মাতা ওয়াহিদ আনাম। তাজমহল ওয়েব ফিল্মটির সার্বিক সহযোগিতায় যুক্ত রয়েছে জনপ্রিয় ব্র্যান্ড পোলার আইসক্রিম। প্রিমিয়ার শোয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

ওয়েব ফিল্মটি প্রসঙ্গে বঙ্গ’র চিফ অব কনটেন্ট মুশফিকুর রহমান বলেন, ‘তাজমহল’ শুধু পর্দার গল্প নয়- এটা হৃদয়ের ভাষা, এক অনবদ্য স্পন্দন। সিনেমাটি ত্যাগ ও আত্মীয়তার এক কাব্যিক আর জরুরি কাহিনি, যাকে প্রাণ দিয়েছেন ওয়াহিদ আনামের দূরদর্শী পরিচালনা এবং একটি অভিনয়শিল্পীদল, যারা প্রতিটি ফ্রেমে নিজেদের আত্মা উজাড় করে দিয়েছেন। আমরা শুধু একটি ওয়েব ফিল্ম বানাচ্ছি না; আমরা গড়ে তুলছি ভালোবাসার এক স্মারক, যা প্রতিটি বাধাকে উপেক্ষা করে- সেটা ভৌগোলিক হোক, সামাজিক হোক বা আবেগের।

বাংলাদেশের ওটিটি-তে নিজের প্রথম কাজ প্রসঙ্গে সৃজা দত্ত বলেন, ‘তাজমহল বাংলাদেশে আমার প্রথম কাজ এবং এটি মূলত দুই বাংলার এক অনন্য ভালোবাসার গল্প। এখানে কাঁটাতারের এপারে ইন্ডিয়ার “মমতাজ” আর ওপারে বাংলাদেশের ডাক্তার “তাজ” এই দুই ভিন্ন প্রান্তের মানুষের আবেগ ও সুন্দর রসায়ন ফুটিয়ে তোলা হয়েছে। এক অদ্ভুত ঘটনার মাধ্যমে শুরু হওয়া এই সম্পর্কের শেষ পরিণতি কী হয়- তা কি মধুর মিলন নাকি কোনো ট্র্যাজেডি, সেটাই দেখা যাবে এই ফিল্মে। আশা করি এই ঈদে বঙ্গতে আমাদের এই ভালোবাসার গল্পটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।’

অভিনেতা ফাইযুল ইয়ামিন বলেন, ‘ভালোবাসা, ত্যাগ, বন্ধুত্ব ও পারিবারিক আবেগের দারুণ এক মেলবন্ধন তাজমহল। পরিচালনা আর সহশিল্পীদের চমৎকার অভিনয়ে কাজটি পর্দায় জীবন্ত হয়ে উঠেছে। আমরা আসলে ভালোবাসার এমন এক স্মারক তৈরি করেছি, যা সব ভৌগোলিক ও সামাজিক সীমানা পেরিয়ে যায়। আশা করি দর্শকদের এটি ভালো লাগবে।’

আসন্ন ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে উন্মুক্ত হবে তাজমহল।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।