প্রতিবেদন প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, সময়ঃ ০২:০৩
বিনোদন প্রতিবেদক : মেজবাউর রহমান সুমন পরিচালিত‘হাওয়া’ সিনেমায় রহস্যময় এক চরিত্রে অভিনয় করে নজর কাড়েন নাজিফা তুষি। সিনেমায় তার চরিত্রের নাম ছিল ‘গুলতি’। এবার তাকে দেখা যাবে একেবারেই নতুন রূপে।
নির্মাতা রবিউল আলম রবির নতুন চলচ্চিত্র ‘সুরাইয়া’-তে অভিনয় করছে তিনি।এ ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধছেন নাজিফা তুষি ও শ্যামল মাওলা। এর মাধ্যমেই এই নতুন জুটিকে দেখতে পাবেন দর্শক। শিবব্রত বর্মণের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমাটির দৃশ্যধারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
সিনেমাটির নির্মাণ প্রসঙ্গে পরিচালক রবিউল আলম রবি জানান, বর্তমানে শুটিংয়ের ব্যস্ততা চলছে। প্রাথমিক পর্যায়ে সিনেমাটি নিয়ে বিস্তারিত তথ্য গোপন রাখলেও তিনি নিশ্চিত করেছেন যে, প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ‘সুরাইয়া’ ছবিটির প্রযোজনায় রয়েছেন ফজলে হাসান।
মুক্তির আগেই দক্ষিণ কোরিয়ার মর্যাদাপূর্ণ বুসান ফিল্ম মার্কেটের পর যুক্তরাষ্ট্রের সিয়াটলের ‘তাসভীর চলচ্চিত্র উৎসব’-এর ফিল্ম বাজারেও জায়গা করে নিয়েছে এই সিনেমা। এ ছাড়া ফরাসি প্রতিষ্ঠান ‘পিএএস’ (চঅঝ) থেকে চিত্রনাট্য উন্নয়নের জন্য বিশেষ পরামর্শ ও ওয়ার্কশপ সহায়তা পেয়েছে প্রকল্পটি।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ৭৫ লাখ টাকা অনুদান পেয়েছিল এই চলচ্চিত্রটি।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।