রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ


ঢাকা অফিস : 

 

আবহমান বাংলা সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ ‘নববর্ষ ১৪৩৩’ বরণে প্রস্তুত সংস্কৃতি সংগঠন ছায়ানট। রাজধানীর রমনার বটমূলে আয়োজিত এবারের পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান শুরু হবে সকাল ৬টা ১৫ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৮টা ১৫ মিনিটে।

 

সোমবার বিকেলে অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে রমনার বটমূলে মহড়ার আয়োজন করে ছায়ানটের শিল্পীরা। শেষ মুহূর্তের প্রস্ততি নিয়েছেন সংস্কৃতি কর্মীরা।

এসময় ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা সাংবাদিকদের বলেন, ছায়ানটের বর্ষবরণের আয়োজনে নিয়ে বলতে চাই, 'চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির', সেখানেই বাঙালির জয়। বিগত বছরের সব প্রতিকূল আবর্জনা দূর করে আমরা হতে চাই, আরো মানবমুখী। নতুন বছর বাঙালিকে সে শক্তি জোগাক।

 

তিনি জানান, নতুন বছর বরণ করতে ভোর সোয়া ৬টায় নবীন আলোর সাথে ছায়ানটের সুরবাণীছন্দের সূচনা হবে। সকালের স্নিগ্ধ প্রকৃতি এবং মানব ও দেশপ্রেমের গানের পাশাপাশি আছে, লোক জনজীবনের সুর। অনুষ্ঠান সাজানো হয়েছে ৮টি সম্মেলক ও ১৪ টি একক গান এবং ২টি পাঠ দিয়ে। শিল্পীসংখ্যা থাকবেন প্রায় দুইশো।

ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠানকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী নিয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রমনা এলাকায় বৈশাখী শোভাযাত্রা ও মূল অনুষ্ঠানের জন্য ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, ড্রোন ও ওয়াচ টাওয়ারসহ একাধিক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের ডেপুটি কমিশনার মো. মাসুদ আলম জানান, নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে সব ধরনের অনুষ্ঠান শেষ করতে হবে। পাশাপাশি গুজব প্রতিরোধে সাইবার নজরদারি এবং মাঠে সাদা পোশাকে পুলিশ টহল দেবে।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।