সোহরাব উদ্দিনের সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ


জনতার পত্রিকা : 
 
ভারতীয় সহকারী হাই কমিশনারের সাথে সাক্ষাৎকালে সীমান্ত হত্যা বন্ধ ও তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি জানালেন সোহরাব উদ্দিন
 
​নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া:
কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার (রাজশাহী) মনোজ কুমার। 
 
 
শুক্রবার (১০ এপ্রিল) কুষ্টিয়া জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সংকট নিরসনে সোজাসাপ্টা আলোচনা করেন সোহরাব উদ্দিন। 
 
আলোচনাকালে বর্তমান সময়ের তিনটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন অধ্যক্ষ সোহরাব উদ্দিন। ​
 
সীমান্ত হত্যা প্রসঙ্গে সোহরাব উদ্দিন বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, কিন্তু সীমান্তে প্রায়ই বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনা আমাদের ব্যথিত করে। দুই দেশের সুসম্পর্ক ও মৈত্রীর স্বার্থে সীমান্তে বিএসএফ কর্তৃক হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। আমরা একটি রক্তপাতহীন ও নিরাপদ সীমান্ত দেখতে চাই। ​
 
তিস্তার পানির ন্যায্য হিস্যা নিয়ে তিনি বলেন, বাংলাদেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা এবং পরিবেশের জন্য তিস্তা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রমাণ হিসেবে দ্রুত তিস্তার পানি বণ্টন সমস্যার সমাধান ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা প্রয়োজন। ​
 
চিকিৎসা ভিসা প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, "প্রতিদিন হাজার হাজার বাংলাদেশি উন্নত চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষকে অনেক ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে জরুরি রোগীদের জন্য চিকিৎসা ভিসা (Medical Visa) আরও সহজলভ্য ও দ্রুততর করা উচিত, যাতে কেউ সঠিক সময়ে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত না হয়। ​
 
সাক্ষাৎকালে কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফুহাদ রেজা ফাহিম,কুষ্টিয়া পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন,বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ,
কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রহমান রাব্বিসহ স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ​
 
সাক্ষাৎ শেষে অধ্যক্ষ সোহরাব উদ্দিনের পক্ষ থেকে ভারতীয় সহকারী হাই কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং কুষ্টিয়ার সংস্কৃতির স্মারক হিসেবে বই, লালন শাহের একতারা ও স্থানীয় তাঁতশিল্পের গামছা উপহার দেওয়া হয়। ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আলোচিত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।