প্রতিবেদন প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, সময়ঃ ০৫:৩১
বিনোদন ডেক্স:
২০২৫ সালে সামাজিক মাধ্যমে তুমুল আলোচিত ছিলেন মোনালিসা ভোঁসলে। ওই সময় তার বলিউডে অভিষেক হয়। পরিচালক সনোজ মিশ্রর নজরে পড়ায় তিনি তাকে একটি ছবিতে সই করান। এবার সেই সনোজ মিশ্রর বিরুদ্ধেই গুরুতর অভিযোগ তুললেন মোনালিসা।
এক সংবাদ সম্মেলনে মোনালিসা দাবি করেন, তিনি সনোজ মিশ্রর হাতে যৌন নিগ্রহের শিকার হয়েছেন। এ অভিজ্ঞতার কথা স্মরণ করে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মোনালিসা। জানান, একাধিকবার তার সঙ্গে বাজে আচরণ করেছেন পরিচালক।
মোনালিসা তার বক্তব্যে বলেন, ‘সনোজ মিশ্র মোটেই ভালো মানুষ নন। তিনি শারীরিকভাবে আমাকে হেনস্তা করেছেন।’ তার অভিযোগ অনুযায়ী নেপাল ও দেরাদুনে শুটিংয়ে এসব ঘটনা ঘটে। পরিচালক বারবার অনাকাক্সিক্ষতভাবে স্পর্শ করেছেন তাকে।
মোনালিসা আরও দাবি করেন, ঘটনার সময় তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন। বর্তমানে তিনি আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন বলেও জানিয়েছেন। তবে সব অভিযোগ নাকচ করে দিয়েছেন সনোজ মিশ্র। তার দাবি- এ অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। মিশ্রর ভাষায়- তিনি মোনালিসাকে অভিনয় শেখাতে সাহায্য করেছেন। তার অভিযোগ- ‘যাকে আমি সহযোগিতা করেছি, সে-ই এখন আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’
এর আগে মোনালিসা খবরের শিরোনামে আসেন বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কারণে। তার প্রেমিক অন্য ধর্মের হওয়ায় পরিবার বিরোধিতা করে। সে কারণে তিনি পালিয়ে আসেন। পরে কেরালার একটি মন্দিরে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পর তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন সাহায্য চেয়ে; কারণ তাদের খুনের হুমকি দেওয়া হয়েছিল।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।