কলারোয়ায় ফ্যামিলি কার্ড দেয়ার নামে টাকা আদায়


সাতক্ষীরা প্রতিনিধি : 
 
সাতক্ষীরার কলারোয়ায় ফ্যামিলি কার্ড দেয়ার নামে টাকার বিনিময়ে অর্ধ শতাধিক নারীর কাছ থেকে এনআইডি ও ছবি সংগ্রহের অভিযোগ উঠেছে।উপজেলার কেরালকাতা উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র মিলন হোসেন (৪৫) এর কাছ থেকে ৫২ জন মহিলার ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) সকালে কয়েকজন মহিলার কাছ থেকে অভিযোগ পেয়ে তাদের উপস্থিতিতে অভিযুক্ত মিলনের বাড়ি থেকে মিলনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ৫২ টি ছবিসহ জাতীয় পরিচয় পত্রের ফটোকপি উদ্ধার করেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
মহিলারা অভিযোগ করেন, তাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা নিয়ে ফ্যামিলি কার্ড করে দেবে বলে সম্প্রতি ছবি ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে মিলন।
সেসময় সেখানে উপস্থিত কেরালকাতা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান- একাধিক মহিলার কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে মিলনের বাড়িতে গিয়ে মিলনকে জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে সে ৫২টি ছবিসহ এনআইডি কার্ড বের করে দেয় এবং ফ্যামিলি কার্ড করে দেবে বলে এগুলো নিয়েছে বলে শিকার করে।
তিনি আরো জানান- মিলন আওয়ামী লীগ কর্মী। সে প্রতারক চরিত্রের, ইতোপূর্বে হত্যা, মাদকসহ বিভিন্ন মামলার আসামি ও জেলও খেটেছে।
এনআইডি কার্ডগুলো উদ্ধারকালে উপস্থিত হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার মুনসুর জানান- আমরা তাকে পুলিশে সোপর্দ করতে চাইলেও স্থানীয় মানুষের অনুরোধে তার পরিবারের জিম্মায় রেখে আসা হয়েছে। এ ঘটনায় বিএনপি নেতা জহুরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
তিনি আরো জানান- অভিযুক্ত মিলন সদ্যসমাপ্ত জাতীয় নির্বাচনে একটি দলের হয়ে কাজ করেছেন বলে জানতে পেরেছি।
এনআইডি কার্ড উদ্ধারকালে কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল্লাহসহ অন্যান্য উপস্থিত ছিলেন।
কলারোয়া থানার ওসি এইচ এম শাহিন জানান- আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত-পূর্বক ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে, এ ঘটনায় উপজেলা জুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত সাতক্ষীরা জেলায় কোন ফ্যামিলি কার্ড দেয়ার সরকারি নির্দেশনা আসেনি।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।