প্রতিবেদন প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৭:৪২
মো. মুনজুরুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়া জেলার কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে নবনির্বাচিত জনপ্রতিনিধিকে ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সৌজন্য সাক্ষাৎ এক হৃদ্যতাপূর্ণ ও প্রাণবন্ত মিলনমেলায় রূপ নিয়েছে। নির্বাচনের পর জনগণের ভালোবাসা, আস্থা ও প্রত্যাশার উজ্জ্বল প্রতিফলন দেখা যায় এই আয়োজনে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান শামসুল আলম স্বপন, যুগ্ম সচিব সোহেল খন্দকার, সাংগঠনিক সচিব এবং লালন টিভি-এর চেয়ারম্যান ও দৈনিক প্রতিজ্ঞা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম মাহমুদ। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক সংস্থার প্রচার সচিব , দৈনিক জবাবদিহি পত্রিকার জেলা প্রতিনিধি, দৈনিক সরেজমিন বার্তার মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি ও চ্যানেল এ১ এর কুষ্টিয়া প্রতিনিধি মোঃ মুনজুরুল ইসলাম। এছাড়াও সংগঠনের সদস্য লালন টিভি-২৪ এর বার্তা সম্পাদক শামীম রেজা, মো; আবু হাসান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত অতিথিরা নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
সৌজন্য সাক্ষাৎকালে নবনির্বাচিত এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, জনগণের অকুণ্ঠ সমর্থন, আস্থা ও ভালোবাসাই তাকে বিজয়ী করেছে। তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, কৃষিখাতের আধুনিকায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “জনগণের প্রত্যাশা পূরণই আমার প্রধান লক্ষ্য। কুষ্টিয়া-১ আসনকে একটি আধুনিক, পরিকল্পিত ও সমৃদ্ধ অঞ্চলে রূপান্তর করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”
উপস্থিত নেতাকর্মীরা জানান, রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে এলাকায় উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত হবে বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তারা ভবিষ্যতে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিজয় অর্জন করেন। তার এই বিজয় দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার করেছে। নির্বাচনের পর থেকেই তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অব্যাহত রেখেছেন, যা সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, নবনির্বাচিত সংসদ সদস্যের এই গণসংযোগমূলক কার্যক্রম ভবিষ্যতে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং জনগণের সঙ্গে জনপ্রতিনিধির দূরত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত
সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।