বৃহত্তর কুষ্টিয়া জেলার আটটি আসনের মধ্যে একমাত্র বিএনপি প্রার্থী বাচ্চু মোল্লা বিজয়ী


জনতার পত্রিকা :  

 

 বৃহত্তর কুষ্টিয়া জেলার আটটি আসনের মধ্যে একমাত্র বিএনপি প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক  প্রতিমন্ত্রী আহসানুল হক পচাঁ মোল্লার সুযোগ্য পুত্র আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। জামায়াত প্রার্থীদের জয়ের মধ্যে একমাত্র বিএনপি বিজয়ী হওয়ায় তিনি এখন কার্যত পুরো কুষ্টিয়া জেলার বিএনপি সমর্থক জনগণের একক কণ্ঠস্বর হিসেবে বিবেচিত হচ্ছেন।

বিজয়ের পর এক প্রতিক্রিয়ায় বাচ্চু মোল্লা বলেন, বৃহত্তর কুষ্টিয়া থেকে বিএনপির আর কেউ নির্বাচিত না হওয়ায় পুরো জেলার দায়িত্ব এখন তার ঘাড়ে পড়েছে। তিনি জানান, কুষ্টিয়ার যেকোনো উপজেলা বা এলাকা থেকে স্থানীয় প্রতিনিধিরা যদি তাদের সমস্যা লিখিত বা মৌখিকভাবে তাকে জানান, তিনি সেই সব সমস্যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপন করবেন এবং বাস্তবায়নের জন্য ধারাবাহিকভাবে তদবির চালিয়ে যাবেন। তার ভাষায়, তিনি শুধু বিএনপির নয়, কুষ্টিয়ার “সব জনগণের এমপি” হিসেবে কাজ করতে চান।

সাক্ষাৎকারে তিনি তার নিজ আসন দৌলতপুর ও চরাঞ্চলের ঘনীভূত সংকটগুলোকে প্রথম অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, মরিচা ইউনিয়নসহ পদ্মা তীরবর্তী এলাকায় ভাঙনে গ্রামের পর গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, সেখানে দ্রুত স্থায়ী বাঁধ ও নদীশাসন প্রকল্প নেওয়া জরুরি। একই সঙ্গে চরাঞ্চলের দুটি ইউনিয়ন মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ায় রামকৃষ্ণপুরসহ গুরুত্বপূর্ণ ঘাটে অন্তত দুইটি স্থায়ী সেতু নির্মাণকে তিনি “প্রাথমিক কাজের তালিকায়” রেখেছেন।

বাচ্চু মোল্লা জানান, দীর্ঘদিনের অবহেলায় উপজেলার বহু সড়কে রড-মিসিং, ভাঙাচোরা অবকাঠামো এবং সংযোগ সড়কের বেহাল অবস্থার কারণে মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দৌলতপুরের নদীভাঙন, ব্রিজ-সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ জনপথ সংস্কারের কাজ তিনি দ্রুত শুরু করতে চান এবং পর্যায়ক্রমে এগুলো জাতীয় বাজেট ও প্রকল্পের আওতায় আনতে কাজ করবেন।

 

কুষ্টিয়ায় এবারের নির্বাচনে তিনটি আসনে জামায়াত প্রার্থীদের ঐতিহাসিক জয়ের মধ্যে একমাত্র বিএনপি আসন ধরে রাখায় বাচ্চু মোল্লা দলীয়ভাবে যেমন চাপের মুখে, তেমনি আশা জাগানিয়াও বটে। তিনি বলেন, সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠতে কেন্দ্রীয় নেতৃত্ব যদি কারণগুলো শক্ত হাতে পর্যালোচনা করে, তাহলে কুষ্টিয়ায় বিএনপি আবারও আগের শক্ত ঘাঁটিতে ফিরে আসতে পারবে। আর মাঠের রাজনীতিতে তিনি নিজে উন্নয়ন ও জনগণের দাবিকে সামনে রেখে চারটি আসনেই কুষ্টিয়ার সার্বিক উন্নয়নের বিষয়গুলো সংসদে এবং সরকারের কাছে জোরালোভাবে তুলে ধরবেন বলেও অঙ্গীকার করেন।


Email: bijoynews24bd@gmail.com

প্রকাশকঃ রোকমুনুর জামান রনি

সম্পাদকঃ শামসুল আলম স্বপন

ফোনঃ 01716954919 / 01722158130

যোগাযোগঃ A-231 Housing Estate, Kushtia-7000.

© Jonotar Potrika ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত

সতর্কতাঃ অনুমতি ব্যতীত কোন সংবাদ বা ছবি প্রকাশ বা ব্যবহার করা যাবে না।