প্রতিবেদন প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৩:০৪
কুষ্টিয়া প্রতিনিধি : মো. মুনজুরুল ইসলাম :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে নির্বাচনী উত্তাপ দিন দিন বেড়েই চলেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কুষ্টিয়া সদর উপজেলার ১০ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের পক্ষে এ প্রচারণায় নেতৃত্ব দেন বিএনপির পরিচিত মুখ আখতারুজ্জামান কাজল মাজমাদার। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী, শিক্ষকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রচারণাকালে ১০ নং ওয়ার্ডের অলিগলি, পাড়া-মহল্লা মুখরিত হয়ে ওঠে ধানের শীষের স্লোগানে। নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের নির্বাচনী বার্তা পৌঁছে দেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
গণসংযোগকালে আখতারুজ্জামান কাজল মাজমাদার বলেন,“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী। এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় তিনি অগ্রণী ভূমিকা রাখবেন।”
স্থানীয় ভোটাররা জানান, দীর্ঘদিন ধরে তারা উন্নয়ন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। পরিবর্তনের আশায় তারা ধানের শীষ প্রতীকের প্রতি আগ্রহ দেখাচ্ছেন।
সার্বিকভাবে কুষ্টিয়া সদর উপজেলার ১০ নং ওয়ার্ডে অনুষ্ঠিত এই গণসংযোগ বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।