সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁর কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে ঝিনাইদহের একটি আদালতে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করা হয়েছে।
রোববার বিকেলে ঝিনাইদহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এক আইনজীবী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, বিভিন্ন ওয়াজ–মাহফিলে দেওয়া আমির হামজার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে তিনি আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে কটূক্তি করেন এবং বেগম খালেদা জিয়াকে নিয়েও অবমাননাকর মন্তব্য করেন, যা প্রয়াত কোকো ও খালেদা জিয়ার ব্যক্তিগত সুনামহানি এবং বিএনপি নেতাকর্মীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।